মহামারি করোনা মোকাবিলার লক্ষ্যে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১০ হাজার কোটি টাকা থোক বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। করোনা সংক্রান্ত যেকোনো জরুরি চাহিদা মেটাতে এ অর্থ খরচে প্রস্তাব করা হয়।
বৃহস্পতিবার (৩ জুন) ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেট পেশের আগে দুপুরে মন্ত্রিপরিষদ বাজেটের অনুমোদন দেয়।এর আগে সকালে জাতীয় সংসদ ভবনে বিশেষ বৈঠকে মন্ত্রিসভা বাজেটে এই অনুমোদন দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার এ বিশেষ বৈঠক হয়।এরপর বিকাল তিনটায় অর্থমন্ত্রী আগামী অর্থবছরের জন্যে ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করছেন। এটি স্বাধীন বাংলাদেশের ৫০তম বাজেট এবং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের তৃতীয় বাজেট উত্থাপন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রীদের মধ্যে উপস্থিত রয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আইনমন্ত্রী আনিসুল হক, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, তথ্যমন্ত্রী ড হাছান মাহমুদ প্রমুখ।